২১ মে : সমস্ত মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলকভাবে গাওয়া হবে ‘বন্দে মাতরম’। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা দফতর। ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও শিক্ষামহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
নতুন নির্দেশ অনুযায়ী, সরকার পরিচালিত, সরকারপোষিত এবং স্বীকৃত সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৯ মে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেট এই নির্দেশিকা জারি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, আগের সমস্ত নির্দেশ বাতিল করে দ্রুত নতুন নিয়ম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার কথা ঘোষণা করে বিজেপি সরকার। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার মাদ্রাসাগুলিতেও একই নিয়ম চালু করা হল। ফলে বর্তমানে সরকারি ও সরকারপোষিত স্কুলগুলির মতো মাদ্রাসাতেও পঠনপাঠন শুরুর আগে প্রার্থনা সভায় গাওয়া হবে এই রাষ্ট্র সঙ্গীত।
গত বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী সোমবার থেকেই সমস্ত স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হবে।” এরপরই শিক্ষা দফতরের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এদিকে, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “বিকৃত ইতিহাস বদলের এটাই সঠিক সময়।” তাঁর দাবি, কেন্দ্রীয় স্তর থেকে আগেই এমন নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর হতে দেয়নি। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম চালুর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে পোস্ট করে বঙ্গ বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, “এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে। আর তুষ্টিকরণ নয়, সবার জন্য সমান নীতি প্রযোজ্য।”



