দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ মে : কাবুগঞ্জ গবাদিপশু বাজার বন্ধ করে দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাজার পরিচালন সমিতি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে সমিতির কর্মকর্তারা স্পষ্টভাবে জানান, বাজার বন্ধের কোনও সরকারি নির্দেশনা জারি হয়নি এবং আগামী বুধবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাজার স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হবে।
সাংবাদিক সম্মেলনে সমিতির পক্ষ থেকে জাবির হোসেন লস্কর ও ইকবাল লস্কর অভিযোগ করেন, একটি অজ্ঞাত চক্র ইচ্ছাকৃতভাবে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর ফলে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে অযথা আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
তাঁরা জানান, কাবুগঞ্জ গবাদিপশু বাজার কাছাড় জেলা পরিষদের নির্ধারিত নিয়ম-নীতি মেনেই পরিচালিত হচ্ছে। বাজার বন্ধ করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও নির্দেশ না আসায় সাপ্তাহিক নির্ধারিত সূচি অনুযায়ী বাজার চালু থাকবে। বাজার পরিচালন সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন কোনও গুজবে কান না দিয়ে সরাসরি বাজারে এসে নিয়ম মেনে গরু-মহিষ ক্রয়-বিক্রয় করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জহির আক্তার লস্কর, হিরামণি লস্কর, ইমরান হোসেন মজুমদার, সাবির আহমেদ চৌধুরী, শামীম আহমেদ লস্কর, বাহার লস্কর ও মানিক উদ্দিন লস্কর।



