বরাক তরঙ্গ, ১৭ মে : ছোট দুধপাতিল গ্রামে দরিদ্র পরিবারের পাশে দাঁড়াল কালাচাঁদ মেমোরিয়াল ক্লাব। রবিবার ক্লাবের উদ্যোগে গ্রামটির শতাধিক দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়। ক্লাবের ব্যক্তিগত তহবিল থেকে এই সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগপ দলের কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জ্ঞানেন্দ্র বিশ্বাস ও সম্পাদক গোবিন্দ সরকার-সহ অন্যান্য সদস্যরা। সামাজিক দূরত্ব ও করোনা সংক্রান্ত নির্দেশিকা মেনেই পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান ক্লাব কর্তৃপক্ষ। প্রধান অতিথি সুজিত দেব বলেন, “গত কয়েক মাস ধরে ছোট দুধপাতিল গ্রামের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কালাচাঁদ মেমোরিয়াল ক্লাব যেভাবে বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও আমি এই ধরনের উদ্যোগের পাশে থাকব।”

অন্যদিকে, ক্লাবের সম্পাদক গোবিন্দ সরকার বক্তব্য রাখতে গিয়ে এলাকার বেহাল রাস্তাঘাট, স্বাস্থ্যসেবার অভাব এবং অন্যান্য মৌলিক সমস্যার কথা তুলে ধরেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও বিধায়ক কিশোর নাথের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এই কর্মসূচিতে সহযোগিতা করেন লক্ষ্মী সরকার, রাখাল সরকার, অপু বিশ্বাস, মিটন দাস, রবীন্দ্র দাস, মহারত্ন বিশ্বাস, হিমাংশু সরকার, পরিমল সরকার, কমলা সরকার, ষষ্ঠী বিশ্বাস, দুলাল সরকার, প্রতিমা সরকার, নীলমণি বিশ্বাস ও অভিনয় সরকার প্রমুখ।



