বন্যা কবলিত এলাকা পরিদর্শন কিশোর নাথের, সমাধানের আশ্বাস

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ মে : বড়খলা কেন্দ্রের বিভিন্ন সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। শনিবার তিনি প্রথমে জারইলতলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার বাস্তব চিত্র সরেজমিনে খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় জারইল তলা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বহুবার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এদিন বিধায়ক জানান, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে বন্যা কবলিত এলাকাগুলির উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি অসম মালা প্রকল্পের অধীনে রাস্তার কাজও শুরু হয়। তবে দীর্ঘদিন ধরে রাস্তার নির্মাণকাজ অসম্পূর্ণ থাকা এবং রাস্তা উঁচু হয়ে যাওয়ার কারণে বর্তমানে আবাসিক এলাকাগুলিতে জল জমে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, গত পাঁচ বছরে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পরিদর্শনের সময় উপস্থিত আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিধায়ক এবং এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এরপর তিনি চেঁচড়ি এলাকার পুরন্দরপুরে জটিঙ্গা নদীর উপর নির্মীয়মাণ ভেঙে পড়া সেতুও পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালে শুরু হওয়া এই সেতুর নির্মাণকাজ চলাকালীন গত ১৫ মে হঠাৎ সেতুর একটি অংশ ভেঙে পড়ে, যার ফলে এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারাও দ্রুত সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ করার দাবি জানান।

এই দুই পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর সদর সার্কল অফিসার অর্ণবকুমার বরুয়া, ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার রণবিজয় দাস এবং পিডব্লিউডি রোডস বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কললোল নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *