১৫ মে : ২০২৪ সালের নিট প্রশ্নফাঁসের দুঃস্বপ্ন কাটতে না কাটতেই ফের ২০২৬ সালের নিট (NEET UG 2026) পরীক্ষাকে ঘিরে নতুন বিতর্কে তীব্র চাপে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী Dharmendra Pradhan স্বীকার করেন, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ কার্যকর করা হলেও পরীক্ষার পরিচালন ব্যবস্থায় বড়সড় ত্রুটি থেকে গিয়েছিল। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, “রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুসরণ করার পরেও ব্যবস্থার মধ্যে ফাঁক থেকে গিয়েছিল। আমরা সেই দায় স্বীকার করছি এবং ব্যবস্থার উন্নতির জন্য দায়বদ্ধ।” প্রাক্তন ইসরো প্রধান কে রাধাকৃষ্ণণের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি পরীক্ষাব্যবস্থায় ৯৫টি সংস্কারের সুপারিশ করেছিল। তবে তার পরেও চলতি বছরে প্রশ্নফাঁস রোখা সম্ভব হয়নি।
বর্তমানে গোটা ঘটনার তদন্তভার রয়েছে সিবিআই-র হাতে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এনটিএ-র অভ্যন্তরে কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনও রকম রেয়াত করা হবে না। সম্প্রতি একটি তদন্তকারী রিপোর্টে এনটিএ-র অন্দরে যোগসাজশের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গে মন্ত্রী জানান, সিবিআই অত্যন্ত বিশ্বাসযোগ্য সংস্থা এবং তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এনটিএ-র কোথায় খামতি রয়েছে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সিবিআই দিল্লির আদালতকে জানিয়েছে, প্রশ্নফাঁসের উৎস সরাসরি এনটিএ-র ভেতর থেকেই হওয়ার সম্ভাবনা প্রবল।
এদিকে, আগামী ২১ জুন পুনরায় নিট পরীক্ষা (Re-NEET) অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র একাধিক নতুন নিয়ম ঘোষণা করেছে। ওএমআর শিটে সই-সহ অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য এবার পরীক্ষার শুরু ও শেষে অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।
এছাড়াও পরীক্ষার্থীরা এবার নিজেদের পছন্দের শহরকে পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেওয়ার সুযোগ পাবেন। আগামী ১৪ জুনের মধ্যে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা হলো, আগামী বছর থেকে নিট পরীক্ষা আর কলম-কাগজে নয়, সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক বা CBT পদ্ধতিতে নেওয়ার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। সরকারের এই নতুন সিদ্ধান্তে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর দেশের।



