মারপিটের তিনদিন পর যুবকের মৃত্যু, চাঞ্চল্য উধারবন্দে

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগরের লক্ষীরবন্দ এলাকায় মারপিটের ঘটনার তিনদিন পর এক যুবকের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম একলাস উদ্দিন লস্কর (৪১)। তিনি প্রয়াত আব্দুর রহমান লস্করের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উধারবন্দ বাজারে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে শফিকুর রহমান বড়ভূইয়ার সঙ্গে একলাস উদ্দিন লস্করের বাগবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, বচসার একপর্যায়ে একলাসকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি কোনওক্রমে সেখান থেকে বাড়িতে ফিরে আসেন। পরিবারের দাবি, ঘটনার পর শফিকুর রহমানের পক্ষ থেকে একলাসের বিরুদ্ধে উধারবন্দ থানায় একটি মামলাও দায়ের করা হয়। সেই মামলার তদন্তে সোমবার রাতেই পুলিশ একলাসের বাড়িতে গেলেও তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়নি।

জানা গেছে, মঙ্গলবার সকালে একবার একলাসকে ঘরের বাইরে দেখা গেলেও এরপর থেকে তাঁকে আর দেখতে পাননি পরিবারের সদস্যরা। এতে পরিবারের সন্দেহের সৃষ্টি হয়। অবশেষে বৃহস্পতিবার সকালে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে একলাসের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে উধারবন্দ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

একলাসের পরিবারের অভিযোগ, সোমবারের মারপিটের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *