বরাক তরঙ্গ, ১৪ মে : মিজোরামের চার্চ সংগঠন চার্চ অব কাউন্সিল ইন মিজোরাম (CCM) মণিপুরের কাঙপোকপি জেলায় গির্জা নেতাদের উপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ১৩ মে কাঙপোকপি জেলার কোটজিম ও কোটলেন গ্রামের মধ্যবর্তী এলাকায় গির্জা নেতাদের বহনকারী দু’টি গাড়ির উপর সশস্ত্র হামলার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও ব্যথিত।
বিবৃতিতে বলা হয়, এই হামলায় কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের মনে এই ঘটনা গভীর আঘাত হেনেছে বলেও উল্লেখ করা হয়।
CCM জানায়, এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড সমাজে বিভাজন বাড়ায়, মানুষের দুর্ভোগকে আরও গভীর করে তোলে এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের সম্পর্ককে নষ্ট করে। সংগঠনটি এই নৃশংস ঘটনার কড়া ভাষায় নিন্দা জানিয়ে সমস্ত খ্রিস্টান সম্প্রদায়কে মণিপুরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে নিহতদের পরিবার, গির্জা সম্প্রদায় এবং মণিপুরের সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সিসিএম।



