বরাক তরঙ্গ, ১৪ মে : মণিপুরের কাঙপোকপি জেলায় সংঘটিত এক হামলায় চার্চ নেতাসহ তিনজন সাধারণ নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা পিন্থোরুমখরাহ বিধায়ক A. L. Hek। তিনি এই ঘটনাকে “জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড” বলে অভিহিত করেন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করে এএল হেক বলেন, নিরীহ সাধারণ মানুষের উপর হামলার কোনও ন্যায্যতা থাকতে পারে না। তিনি দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান। তিনি বলেন, “দীর্ঘ অশান্তির সময়ে ধর্মীয় নেতারা সমাজে আশা ও সাহস জোগানোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। সেইসব নিরীহ মানুষ, বিশেষ করে চার্চ নেতাদের লক্ষ্য করে হামলা অত্যন্ত উদ্বেগজনক ও অমানবিক ঘটনা। এর তীব্র নিন্দা হওয়া উচিত।”
বিজেপির এই বর্ষীয়ান বিধায়ক আরও বলেন, এ ধরনের হিংসাত্মক ঘটনা সমাজে বিভাজন আরও বাড়িয়ে তোলে, মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত করে এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাসকে দুর্বল করে দেয়।
জানা গেছে, কাঙপোকপি জেলার কোটলেন ও কোটজিম এলাকার মাঝামাঝি স্থানে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে চলমান হিংসা এবং ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



