দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ মে : শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মা সারদা দাতব্য চিকিৎসালয়ে রোগীদের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে সোমবার সকালে অত্যাধুনিক ফিজিওথেরাপি মেশিনসহ নতুন ফিজিওথেরাপি কক্ষের উদ্বোধন করা হয়।
মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজ ও স্বামী বৈকান্ঠানন্দজি মহারাজ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ফিতা কেটে নতুন কক্ষটির আনুষ্ঠানিক সূচনা করেন। এই উদ্যোগকে রামকৃষ্ণ মিশনের মানবসেবামূলক আদর্শের আরও এক উজ্জ্বল নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। নতুন এই ফিজিওথেরাপি কক্ষ চালু হওয়ায় রোগীরা আরও আধুনিক ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী গণধিশানন্দজি মহারাজ বলেন, “স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে আমরা দরিদ্র ও অসহায় রোগীদের সেবায় নিয়োজিত। এই নতুন কক্ষ রোগীদের পুনর্বাসনের পথকে আরও সহজ করবে।”



