২১ আগস্ট : আদালত চত্বরেই চলল গুলি। গুলিতে নিহত হয়েছে এক গ্যাংস্টার। হরিয়ানার হিসার জেলা আদালতের এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এর জেরে আতঙ্ক ছড়ায় আইনজীবী এবং অন্যদের মধ্যে। এই গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার হরিয়ানার হিসার আদালত চত্বরে দিনের আলোয় গুলি করে হত্যা করা হয় গ্যাংস্টার বিনোদ পানু ওরফে কানাকে। বিনোদ হিসারের থুরানা গ্রামের বাসিন্দা। দুপুর ২টো ৪৫ নাগাদ ওই গুলি চালানোর সময়ে সেখানে উপস্থিত আইনজীবী, ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি চালানোর ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, আদালত চত্বরের পার্কিং এলাকা ও প্রধান ফটকের কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পানুর মৃত্যু হয়। তবে আহত ব্যক্তি বর্তমানে বিপদমুক্ত রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা পানুকে লক্ষ্য করে মোট ১৪ রাউন্ড গুলি চালায়।
জানা গিয়েছে, আদালতের মেন গেট দিয়ে গাড়িতে করে ঢোকার সময়েই পানুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলার হাত থেকে বাঁচতে মেন গেটের দিকে ছুটে পালাতে চেষ্টাও করেন তিনি। তবে তাঁকে ধাওয়া করে হামলাকারীরা। খুব অল্প সময়ের ব্যবধানে পরপর কয়েকটি গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
এই ঘটনার পরেই তদন্ত শুরু করে পুলিশ। হিসারের পুলিশ আধিকারিক সিদ্ধার্থ জৈন জানিয়েছেন, এই গুলি চালানোর ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। সেটিই আদালত চত্বরে গুলি চালানোর সময়ে ব্যবহার করা হয় বলেও মনে করছেন আধিকারিকরা। কী কারণে এই হামলা তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই হামলার সঙ্গে জড়িত অন্যদের খোঁজও চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা। উল্লেখ্য, ২০১৪ সালের একটি খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয় পান্নুর। তাঁর বিরুদ্ধে খুন-সহ অন্তত ৩১টি মামলা ছিল।



