ব্যবসায়ীর কাছে টাকা দাবি, গ্রেফতার আলফা লিঙ্কম্যান

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মে : বিশ্বনাথ জেলায় ফের সক্রিয়তার ইঙ্গিত মিলল আলফা (স্বাঃ) জঙ্গি সংগঠনের। অর্থ দাবি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাঘে রৌমারি গ্রামের বাসিন্দা তথা আলফা (স্বাঃ)র এক লিঙ্কম্যান হরেন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বরঙাবাড়ির ব্যবসায়ী মোহন আগরওয়ালের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। তদন্তে নেমে হেলেম ও বিহালী পুলিশ যৌথভাবে অভিযান চালায়। দীর্ঘ নজরদারির পর রবিবার শেষরাতে অভিযানে নেমে হরেন দাসকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি আলফা (স্বাঃ) সংগঠনের হয়ে যোগাযোগ রক্ষা এবং টাকা আদায়ের কাজ করত। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশাও করছে পুলিশ।

এদিকে, সাম্প্রতিক সময়ে উগ্রপন্থী সংগঠনের নামে টাকা দাবি এবং ব্যবসায়ীদের হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে। পুলিশ জানিয়েছে, জঙ্গি কার্যকলাপ ও ধন দাবির বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *