বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ মে : শিলচর রেলস্টেশনের ২ নম্বর গেট সংলগ্ন অন্নপূর্ণা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে মাদক সহ এক মহিলা ও যুবককে আটক করে পুলিশ। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ শিলচর রেলস্টেশনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। জানা গেছে, এক মাদক পাচারকারী শিলচর-রাঙ্গিয়া ট্রেনে যাত্রার চেষ্টা করছে— এমন খবরের ভিত্তিতে স্টেশনের ২ নম্বর গেট সংলগ্ন অন্নপূর্ণা পেট্রোল পাম্পের কাছে তল্লাশি অভিযান শুরু হয়।
অভিযান চলাকালীন পুলিশ দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। ধৃতরা হল বক্তার উদ্দিন লস্কর (৪৫), বাড়ি ধলাই থানার চামুয়াইঘাট এলাকায় এবং রঞ্জনা বেগম লস্কর (৪০), স্বামী মৃত জয়নুল মিয়া লস্কর, বাড়ি ধলাই থানার শ্যামাচরণপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে পাঁচটি সাবানের কেস উদ্ধার করা হয়। ওই কেসগুলির ভিতরে হেরোইন সন্দেহভাজন পদার্থ পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ৫২ গ্রাম। এছাড়াও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটক অভিযুক্তদের বাজেয়াপ্ত সামগ্রীসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শিলচর থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।



