মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পাথারকান্দির পাঁচ শতাধিক কর্মী-সমর্থক

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ মে : অসমের রাজনীতিতে ফের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা রাজ্য। উন্নয়ন, জনসমর্থন এবং সাংগঠনিক শক্তিকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রেও। দলীয় সূত্রে জানা গেছে, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে আজ সোমবার বিকেলে পাথারকান্দি রেলস্টেশন থেকে পাঁচ শতাধিক বিজেপি কর্মী-সমর্থক গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন। এই দলে থাকবেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য-সদস্যা, গ্রাম পঞ্চায়েত সভাপতি ও সভানেত্রী, জেলা পরিষদ সদস্য, বুথ সভাপতি, পাথারকান্দি ও লোয়াইরপোয়া ব্লক মণ্ডলের কার্যকর্তা, বিভিন্ন মোর্চার পদাধিকারী এবং অসংখ্য দলীয় সমর্থক।

উল্লেখ্য, গুয়াহাটির খানাপাড়ায় মঙ্গলবার বেলা ১১-৪০ মিনিটে শপথ নিবেন দ্বিতীয়বারের মতো ড. হিমন্ত বিশ্ব শর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। খানাপাড়ার অনুষ্ঠানস্থলে সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা এবং অতিথিদের অভ্যর্থনার কাজ জোরকদমে চলছে। রাজনৈতিক নেতা, প্রশাসনিক আধিকারিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কুড়িটি রাজ্যের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *