বরাক তরঙ্গ, ১১ মে : আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছে শিলচর সদর পুলিশ। রবিবার দাসকলোনি ও আশ্রম রোড এলাকায় একযোগে অভিযান চালিয়ে জুয়ার সঙ্গে জড়িত চার ব্যক্তিকে আটক করা হয়। জানা গেছে, দাসকলোনির উদয়ন কমপ্লেক্স রোড এবং আশ্রম রোড এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
দাসকলোনি এলাকা থেকে আটক করা হয়েছে সুমন রায় (৪২), সুমন রায় (৪৮) এবং নিতাই রায় (৪০)-কে। অন্যদিকে আশ্রম রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় দাসকে।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি নোটবুক, যাতে আইপিএল জুয়ার হিসাব-নিকাশের রেকর্ড রয়েছে। নগদ ৩০,১৯০ টাকা, ৭টি মোবাইল ফোন, যাতে Om777 অ্যাপ ব্যবহৃত হচ্ছিল। ১টি কালো রঙের ব্যাগ। অনুরূপ ভাবে আশ্রম রোডের অভিযানে ২টি মোবাইল ফোন এবং নগদ ১৫,১০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ধৃতদের শিলচর সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে।



