বরাক তরঙ্গ, ৯ মে : ত্রিপুরার বিশ্রামগঞ্জ চৌমুহনী সংলগ্ন বাজারে শনিবার সকালে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় বাজারের অন্তত তিনটি দোকান। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকারও বেশি বলে অনুমান করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সকালে দোকান খোলার পর ঠাকুর আরাধনার সময় ধূপকাঠি জ্বালানো হয়েছিল। অনুমান করা হচ্ছে, সেই ধূপকাঠি থেকেই আগুনের সূত্রপাত ঘটে। প্রচণ্ড গরম এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী তিনটি ইঞ্জিন নিয়ে পৌঁছে। দীর্ঘ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি দোকানের অধিকাংশ সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, অগ্নি নির্বাপক দপ্তর ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ মিটার দূরে থাকা সত্ত্বেও দমকলের পৌঁছাতে যথেষ্ট দেরি হয়েছে। সময়মতো দমকল পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হত বলেও দাবি ব্যবসায়ীদের।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।



