মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ মে : মানবতা, সহমর্মিতা ও সমাজসেবার আদর্শকে সামনে রেখে ভারত-বাংলা সীমান্তবর্তী পাথারকান্দি জুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক রেডক্রস দিবস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানবতার বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এ উপলক্ষে ভারতীয় রেড ক্রস সোসাইটি-র সৌজন্যে এবং স্কুল পরিচালন সমিতির সহযোগিতায় জুড়বাড়ি হাজি কাসিম আলি হাইস্কুল-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের নবগঠিত জুনিয়র রেডক্রস শাখার সদস্য-সদস্যাদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সকালে জাতীয় ও রেডক্রসের আদর্শভিত্তিক শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আন্তর্জাতিক রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা জন হেনরী ডোনান্ট-এর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে মানবসেবা ও সমাজকল্যাণমূলক কাজে আগ্রহ ও উৎসাহও লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজ কুমার রায়। উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি মনিন্দ্র রুদ্রপাল, শিক্ষক জন্মজিৎ নাথ, তোফায়েল আহমেদ বরভূইয়া সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাগত ভাষণে বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক তথা ভারতীয় রেড ক্রস সোসাইটি-র লাইফ অ্যাসোসিয়েট সদস্য এ. এস. হোসেন আহমেদ বলেন, বর্তমান সময়ে মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই ছাত্র-ছাত্রীদের সমাজসেবা ও মানবতার শিক্ষা দিতে পারলে আগামী দিনে একটি সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
অন্যদিকে, বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় রেড ক্রস সোসাইটি-র লাইফ অ্যাসোসিয়েট সদস্য সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী আন্তর্জাতিক রেডক্রস আন্দোলনের ইতিহাস, লক্ষ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে রেডক্রস নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে। মানবতার সেবাই এই সংগঠনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচি। মানবতা, রক্তদান, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন বক্তব্য ও পরিবেশনার মাধ্যমে তারা উপস্থিত সকলকে মুগ্ধ করে। পাশাপাশি জুনিয়র রেডক্রস সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করে।
শুধু জুড়বাড়ি হাজি কাছিম আলি হাইস্কুলই নয়, একই দিনে হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল, মডেল হায়ার সেকেন্ডারি স্কুল এবং পাথারকান্দি কলেজ-এও আন্তর্জাতিক রেডক্রস দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত বিশিষ্টজনদের মতে, আন্তর্জাতিক রেডক্রস দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মানবতা, সহমর্মিতা ও সমাজসেবার যে বার্তা ছড়িয়ে পড়েছে, তা আগামী প্রজন্মকে আরও দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



