জল্পনার অবসান, তামিলনাড়ুতে সরকার গঠনের পথে ‘থলপতি’ বিজয়

Spread the news

৮ মে : অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ নিশ্চিত করলেন অভিনেতা-রাজনীতিবিদ ‘থলপতি’ বিজয়। একক বৃহত্তম দল হিসেবে উঠে আসার পরও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটল কংগ্রেস, ভিসিকে এবং দুই বাম দলের সমর্থনে।

তামিলগা ভেট্রি কাজাগম (টিভিকে) সূত্রে জানা গেছে, কংগ্রেসের পাশাপাশি ভিসিকে, সিপিএম এবং সিপিআই আনুষ্ঠানিকভাবে বিজয়ের সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বিকেলে তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বিজয়ের। সেখানে তিনি প্রয়োজনীয় বিধায়কদের সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন। জানা গেছে, রাজভবন থেকে বেরিয়ে কংগ্রেস ও বাম শিবিরের নেতাদের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকও করতে পারেন বিজয়।

উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভার মোট ২৩৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৭টি আসনে জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে ১১ আসন দূরে ছিল। বর্তমানে কংগ্রেসের ৫ জন, ভিসিকে-র ২ জন, সিপিএম-এর ২ জন এবং সিপিআই-এর ২ জন বিধায়কের সমর্থন নিশ্চিত হওয়ায় বিজয়ের পক্ষে মোট সমর্থন দাঁড়িয়েছে ১১৮।
এর আগে একক বৃহত্তম দলের নেতা হিসেবে সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেও সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে। তবে এবার শরিক দলগুলিকে পাশে টেনে দক্ষিণী রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন ‘থলপতি’ বিজয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *