বরাক তরঙ্গ, ৮ মে : বরপেটা জেলার বিভিন্ন এলাকায় এনআইএ বিশেষ তল্লাশি অভিযান চালালো। এনআইএ-র একটি দল বরপেটা রোডের ২ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ায় মিজানুর রহমানের বাড়ি এবং নিচুকা এলাকার ইন্তাজ আলির বাসভবনে তল্লাশি চালায়। অভিযানে এনআইএ সুলতান মাহমুদের ঘর থেকে কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে বলে সূত্রের খবর। তবে মিজানুর রহমানের বাড়ি থেকে তেমন গুরুত্বপূর্ণ কিছু উদ্ধার হয়নি। এদিন প্রায় দুই ঘণ্টা ধরে স্থানীয় পুলিশের সহায়তায় এনআইএ তল্লাশি অভিযান চালায়। আরও কয়েক জনের বাড়িতে অভিযান চালায় এনআইএ দল।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর এনআইএ বরপেটা রোডের সুলতান মাহমুদ ও মিজানুর রহমানকে গ্রেফতার করেছিল। পরে তাঁদের গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তরা বাংলাদেশ-নিয়ন্ত্রিত একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের মাধ্যমে তাঁদের যোগাযোগ চলত বলে অভিযোগ। এছাড়াও সংগঠনের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্যও তদন্তকারীরা পেয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, বর্তমানে অভিযুক্তরা গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন এবং মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। পরিবারের তরফে আইনজীবীও নিয়োগ করা হয়েছে।



