ক্লাসে শ্বাসরুদ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু কেজি ওয়ানের ছাত্রের

Spread the news

বরাক তরঙ্গ, ৭ মে : হৃদয়বিদারক ঘটনা! ক্লাসে শ্বাসরোধ হয়ে অস্বাভাবি মৃত্যু ঘটল কেজি ওয়ানের এক ছাত্রের। ধারনা করা হচ্ছে  জলের বোতলের ঢাকনা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে কেজি ওয়ানের খুদে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটে। কাটিগড়ার গঙ্গাপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হারিস উদ্দিনের একমাত্র ছেলে হলি ফ্লাওয়ার স্কুলের কেজি ওয়ানের ছাত্র সাকিব আহমদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা যায়, প্রতিদিনের মতো আজ স্কুলে গিয়েছিল সাকিব। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা ও ক্লাসের স্বাভাবিক পরিবেশের মধ্যেই আচমকা ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ক্লাস চলাকালীন হয়তো অসাবধানতাবশত জলের বোতলের ঢাকনা তার গলায় আটকে যায়। প্রথমে বিষয়টি গুরুত্ব সহকারে বোঝা না গেলেও কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শিক্ষক ও উপস্থিতরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ছোট্ট সাকিব না ফেরার দেশে পাড়ি জমায়।

একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন মা-বাবা। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। সাকিবের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে তার স্কুলও। সহপাঠী ও শিক্ষকদের চোখেও জল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *