মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ মে : সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বার রেকর্ড ভোটে জয়ী হয়ে দিশপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বুধবার তিনি দিশপুরে অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন এবং পুনর্নির্বাচনের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।

এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এটি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন ও প্রশাসনিক দিকনির্দেশনা নিয়ে এক ইতিবাচক বার্তাও বহন করছে।

সাক্ষাৎ শেষে কৃষ্ণেন্দু পাল বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অসম নতুন দিশার দিকে এগোচ্ছে। উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির যে রূপরেখা তিনি স্থাপন করেছেন, তা রাজ্যের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।” তিনি আরও উল্লেখ করেন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অসমকে ভবিষ্যতে দেশের অন্যতম অগ্রগণ্য রাজ্যে পরিণত করবে।

এদিকে, পাথারকান্দি কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হওয়ায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। কৃষ্ণেন্দু পালের কথায়, “পাথারকান্দির মানুষের অমূল্য আস্থা আমার কাছে এক বড় দায়িত্ব। নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে তাঁদের সেবা করে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *