জিরিঘাটে মাদক পাচারকারীর গুলিতে গুরুতর জখম পুলিশকর্মী

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৫ মে : মাদক পাচারকারীর গুলিতে গুরুতর জখম হলেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আটটায় লক্ষীপুরের জিরিঘাট দিঘলাঙ এলাকায়। পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশকর্মী শরিফ হোসেন কাজি। তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে বলে জানা গেছে।

ঘটনার পরই তাকে দ্রুত আলিপুর ব্যুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে লক্ষীপুরের সিডিএসপি নেতৃত্বে একটি দল দিঘলাঙের প্রত্যন্ত এলাকায় মাদক পাচারকারীদের ধরতে অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারীদের মুখোমুখি হতেই তারা পুলিশের লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলিতেই আহত হন শরিফ হোসেন কাজি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শিলচর থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *