শিলচরে পথনাটিকার মাধ্যমে ‘ভিক্ষুক মুক্ত ভারত অভিযান’-এর প্রচার

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ মে : শিলচরে ‘ভিক্ষুক মুক্ত ভারত অভিযান’-কে সফল করার লক্ষ্যে আয়োজিত হল সচেতনতামূলক পথনাটিকা। ‘বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি’-র উদ্যোগে ‘স্মাইল’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের এই উদ্যোগের মূল লক্ষ্য পথের ভিক্ষুকদের সঠিক দিশা দেখিয়ে স্বনির্ভর জীবনের পথে এগিয়ে দেওয়া।

শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে প্রায় ১৫ মিনিটের এই পথনাটিকায় ভিক্ষাবৃত্তির ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং বিকল্প জীবিকার প্রতি সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়। এর আগে শহরের পাঁচটি স্থানে এই ধরনের পথনাটিকা মঞ্চস্থ হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক মাসে শতাধিক ভিক্ষুকের উপর বিস্তারিত সমীক্ষা চালানো হয়েছে। তাঁদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করে সহায়তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রামনগরে একটি সেল্টার হোমের ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনে জোর দেওয়া হচ্ছে। এছাড়া চিকিৎসা সহায়তা, কাউন্সেলিং, শিক্ষা ও জীবিকা সৃষ্টির ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকদের আশা, এই উদ্যোগের মাধ্যমে ভিক্ষুকরা সমাজের মূলস্রোতে ফিরে এসে সম্মানজনক জীবনযাপন করতে সক্ষম হবেন। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে সরকারের এই পরিকল্পনাকে সফল করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *