নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৪ জুন : সোনাই বিধানসভা কেন্দ্রের ডুগনিরপার ও সিঙ্গিরবন্দ রূপাইলবালী এলাকায় পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। এ সময় বিভিন্ন এলাকার উন্নয়নমূলক সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে উষ্ণ সংবর্ধনাও গ্রহণ করেন তিনি।
রবিবার প্রথমে ডুগনিরপার এলাকায় পৌঁছে স্থানীয় জনগণের সঙ্গে প্রায় এক কিলোমিটার পদযাত্রায় অংশ নেন বিধায়ক। পদযাত্রা চলাকালীন এলাকার নারী-পুরুষ তাঁকে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান। স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সংকটসহ বিভিন্ন জনসমস্যার বিষয় বিধায়কের সামনে তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন আমিনুল হক লস্কর।
পরবর্তীতে সিঙ্গিরবন্দ রূপাইলবালী এলাকায় গিয়েও পদযাত্রা করেন তিনি। সেখানে হিন্দু, মুসলিম, মণিপুরি এবং মৎস্যজীবী সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের মালা ও উত্তরীয় দিয়ে তাঁকে সংবর্ধনা জানান। পদযাত্রার মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শোনেন বিধায়ক।
স্থানীয়দের অভিযোগ ও প্রয়োজনীয়তার বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বিধায়কের এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে দুই এলাকাতেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



