মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ মে : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকা থেকে উঠে এলো এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা। বিজেপির মিত্রদল অসম গণ পরিষদের তিনজন আলোচিত প্রার্থী বড় ব্যবধানে পরাজিত হয়ে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ ও পছন্দের মুখ হিসেবে পরিচিত এই প্রার্থীদের ভরাডুবি উপত্যকার ভোটারদের মনোভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বরাকের তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে এজিপি প্রার্থীদের এই পরাজয় মিত্রজোটের কৌশল নিয়েও ভাবনার অবকাশ তৈরি করেছে। কাছাড় জেলার সোনাই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করা করিম উদ্দিন বড়ভূইয়া, হাইলাকান্দির জাকির হোসেন লস্কর এবং শ্রীভূমির দক্ষিণ করিমগঞ্জের ইকবাল হোসেন—তিনজনই নিজ নিজ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন।
সোনাই কেন্দ্রে কংগ্রেসের আমিনুল হক লস্করের কাছে হার মানেন করিম উদ্দিন বড়ভূইয়া। হাইলাকান্দিতে কংগ্রেসের যুব নেতা জুবের এনাম মজুমদারের কাছে পরাজিত হন জাকির হোসেন লস্কর।
অন্যদিকে, দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর কাছে বড় ব্যবধানে হারেন ইকবাল হোসেন। তিন ক্ষেত্রেই ভোটের ব্যবধান ছিল উল্লেখযোগ্য, যা এই পরাজয়কে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
উল্লেখযোগ্য বিষয়, এই তিন প্রার্থীই রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তাঁদের প্রার্থিতা ঘিরে যথেষ্ট প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত জনতার রায়ে সেই প্রত্যাশা ভেস্তে যায়।



