ভোট বাতিল, ২৮৫টি বুথে ফের, গণনা ২৪শে

Spread the news

৩ মে : ইভিএমে টেপ ও বোতামে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল বলে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতার ভোট বাতিল করা হল। ২১ মে পুননির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোটের ফলের পর ফের ২১ মে ফলতায় বিধানসভায় নির্বাচন হবে। ঐদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলতায় ২৮৫টি বুথে ফের ভোট নেওয়া হবে। ২৪ মে ফলতার (Falta) ভোটের গণনা হবে এবং ফল ঘোষণা করা হবে বলে শনিবার রাতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফলতায় ২৯ এপ্রিল বুধবার যে ভোট গ্রহণ হয়েছে তা পুরোপুরি অবৈধ। সোমবার ২৯৩টি বিধানসভা নির্বাচনের গণনা হবে বলে জানিয়ে দিল কমিশন। শুধুমাত্র ফলতার গণনা স্থগিত থাকবে। সেক্ষেত্রে নির্বাচনে যে সকল প্রার্থী আছেন তারাই থাকবেন।

সেই প্রার্থীরা কবে থেকে আবার ফের সেখানে প্রচার করতে পারবেন এবং সেখানে আচরণ বিধি কবে থেকে কিভাবে লাগু থাকবে তা নিয়ে খুব শীঘ্রই পরবর্তী নির্দেশিকা কমিশন জারি করবে বলে জানা গিয়েছে। ফলতায় ১৮টি বুথকে ঘিরে মূলত ইভিএমে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। কোন কোন ইভিএমের বোতামে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এসেছিল। এদিকে, পুনর্নির্বাচনের দাবিতে শনিবার পথে নামে ফলতা। পথ অবরোধে উত্তেজনা, ইভিএম নিয়ে নতুন বিতর্ক দেখা দেয়।

দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট ও ডায়মন্ড হারবারে বিভিন্ন জায়গায় মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন হয় শনিবার। তবে ফলতায় দ্বিতীয় দফার ভোটের দিন ইভিএম কারচুপির অভিযোগ উঠলেও শনিবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়নি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোটাররা রাস্তায় নেমে পুনর্নির্বাচনের দাবি তোলেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। ফলে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে। অবশেষে শনিবার রাতে ফলতার ভোট গণনা স্থগিত রেখে ফের নতুন ভোট গ্রহণের দিন ঘোষণা করে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *