২ মে : খাস দিল্লিতে এক বিচারকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সফদরজং এলাকায় নিজ বাসভবন থেকে উদ্ধার হয় বিচারক আমান কুমার শর্মার দেহ। পুলিশ সূত্রে খবর, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাঁর শ্যালক পুলিশকে খবর দিলে তড়িঘড়ি তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
দিল্লি জুডিশিয়াল সার্ভিসের (DJS) উজ্জ্বল মেধাবী হিসেবে পরিচিত ছিলেন আমান কুমার শর্মা। ২০২১ সালের ১৯ জুন তিনি বিচার বিভাগীয় কর্মজীবনে যোগদান করেন। পুণের স্বনামধন্য সিম্বায়োসিস ল স্কুল থেকে ২০১৮ সালে বিএ এলএলবি (BA LLB) ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।
তাঁর সংক্ষিপ্ত কর্মজীবনে দক্ষতার সাথে কাজ করেছেন। উল্লেখ্য যে, ২০২৫ সালের অক্টোবর থেকে তিনি কড়কড়ডুমা আদালতের উত্তর-পূর্ব জেলার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির পূর্ণকালীন সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যা বলেই সন্দেহ করা হচ্ছে, তবে তদন্তের সমস্ত দিকই খোলা রাখা হয়েছে। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল কি না বা কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি পুলিশ। আমান কুমারের মতো একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আকস্মিক সিদ্ধান্তে হতবাক তাঁর সহকর্মী ও পরিবার।



