অসুস্থ নিলয় রায়ের খোঁজখবর নিলেন, জানালেন দ্রুত আরোগ্যের কামনা______
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ মে : শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে শনিবার এক তাৎপর্যপূর্ণ বৈঠকের মাধ্যমে জেলার ক্রীড়া উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে সমগ্র বিষয়টি খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল।ডিএসএ শ্রীভূমির কমিটির সদস্যদের সঙ্গে আয়োজিত এই বৈঠকে সংস্থার চলমান কার্যক্রম, পরিকাঠামোগত উন্নয়ন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল জেলার ক্রীড়া ক্ষেত্রকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা।
বৈঠকে জেলার ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, নতুন প্রতিভা তুলে আনা, গ্রামাঞ্চলের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি, খেলোয়াড়দের আধুনিক সুযোগ-সুবিধা প্রদান এবং ক্রীড়া চর্চাকে জনমুখী করে তোলার লক্ষ্যেও একাধিক প্রস্তাব উঠে আসে। উপস্থিত সদস্যদের সঙ্গে খোলামেলা মতবিনিময়ের মাধ্যমে ক্রীড়া সংস্থার সার্বিক উন্নয়নের জন্য ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করা হয়। কিভাবে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকরী করা যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।বৈঠক শেষে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে কৃষ্ণেন্দু পাল অসুস্থ নিলয় রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, নিলয় রায় হলেন উদীয়মান ক্রিকেটার সায়ন রায়ের ভাই, যিনি বর্তমানে কিডনি-সংক্রান্ত জটিল সমস্যায় ভুগছেন।তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে চিকিৎসার এই কঠিন সময়ে মানসিকভাবে দৃঢ় থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা জানান।



