১ মে : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার, গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম এক বার্তায় এ তথ্য জানিয়েছে। আল-জাজিরার সূত্রে জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেন্টকমের কয়েকটি ছবিতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে। জানা গেছে, রণতরিটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে।
এ দিকে, যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ‘ভয়াবহ’ পাল্টা হামলা চালানো হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ‘ভয়াবহ’ পাল্টা হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট ও ইরানের মধ্যে চলমান সংঘাত দুই মাস পার করলেও বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা জোরালো হয়েছে।



