হিজবুল্লাহর ড্রোন হামলায় ইজরায়েলি গোলানি ব্রিগেডের সেনা নিহত, আহত ১২

Spread the news

১ মে : লেবানন সীমান্তে ইজরায়েলি বাহিনীর ওপর শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে পরিচালিত এই আত্মঘাতী ড্রোন হামলায় লিয়েম বেন হামো (১৯) নামে ইজরায়েলের অভিজাত ‘গোলানি ব্রিগেড’-এর এক সেনা সদস্য নিহত হয়েছেন। পৃথক আরেকটি হামলায় উত্তর ইজরায়েলের শোমেরা এলাকায় আরও ১২ জন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইজরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বরাতে ‘টাইমস অফ ইজরায়েল’ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের কান্তারা গ্রামে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি বিস্ফোরক বোঝাই ড্রোন বা ‘সুইসাইড ড্রোন’ ছোড়ে হিজবুল্লাহ। এই আকস্মিক হামলায় ঘটনাস্থলেই ১৯ বছর বয়সী লিয়েম বেন হামো নিহত হন। এ সময় আরও এক ইজরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন, যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, উত্তর ইজরায়েলের শোমেরা এলাকায় হিজবুল্লাহর আরেকটি ড্রোন সরাসরি একটি সামরিক সাঁজোয়া যানে আঘাত হানে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা ১২ জন সেনা সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা কিছুটা গুরুতর হলেও বাকিরা আশঙ্কামুক্ত।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *