বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিকে আরও জোরদার করতে বৃহস্পতিবার শিলচরের একে চন্দ আইন কলেজে অনুষ্ঠিত হল এক সচেতনতা কর্মসূচি। ‘ন্যায়বিচার জনগণের কাছাকাছি’ শীর্ষক এই কর্মসূচি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। কলেজের অধ্যক্ষ আবু তাহের তালুকদার স্বাগত বক্তব্যে কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির উপ-সভাপতি ড. বিভাস দেব কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, বরাক উপত্যকার বিচারব্যবস্থা বর্তমানে গুয়াহাটি হাইকোর্টের ওপর অতিরিক্ত চাপের মুখে রয়েছে এবং স্থানীয় বেঞ্চ স্থাপনই এর একমাত্র কার্যকর সমাধান।
কর্মসূচিতে বক্তারা বরাক উপত্যকার ভৌগোলিক দূরত্ব, জনসংখ্যার ঘনত্ব এবং মামলার ক্রমবর্ধমান চাপের বিষয়টি তুলে ধরেন। আইনজীবী দীপককুমার দেব বলেন, হাইকোর্ট বেঞ্চের অভাবে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি কঠিন হয়ে পড়েছে, যা অঞ্চলের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও বড় বাধা। অবসরপ্রাপ্ত জেলা ও সেশনস জজ বিষ্ণু দেবনাথও মত প্রকাশ করে বলেন, জনসংখ্যা ও মামলার পরিমাণ বিবেচনায় বরাক উপত্যকায় একটি হাইকোর্ট বেঞ্চ অত্যন্ত জরুরি।
আইনজীবী ধর্মানন্দ দেব তাঁর পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় বিচারিক পরিসংখ্যান, অন্যান্য রাজ্যের উদাহরণ এবং সম্ভাব্য সুবিধাগুলি বিশদভাবে তুলে ধরেন। আইনজীবী শান্তনু নায়েক বলেন, এই দাবি শুধু আইনজীবীদের নয়, বরং সাধারণ মানুষেরও। ন্যায়বিচারের দূরত্ব কমলে সমাজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণকারীরা হাইকোর্ট বেঞ্চের দাবিকে আরও জোরালো করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্নেয়াংশু ভট্টাচার্য এবং সমাপ্তি বক্তব্য রাখেন আইনজীবী দেবোমিতা চক্রবর্তী।



