বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : গুয়াহাটি মহানগরীতে সাম্প্রতিক ভয়াবহ কৃত্রিম বন্যার জন্য কংগ্রেসকেই দায়ী করেন সাংসদ বিজুলী কলিতা মেধি। শুক্রবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্টভাবে এই পরিস্থিতির জন্য কংগ্রেসকে দায়ী করে বলেন, ২০১৬ সালের আগে টানা তিন মেয়াদে কংগ্রেস সরকার ছিল। সেই দীর্ঘ ১৫ বছরে তারা অপরিকল্পিতভাবে গুয়াহাটির ড্রেনগুলো নির্মাণ করে। মহানগরের জলাশয়ে বসতি স্থাপন করানো হয়, পাহাড় কেটে সেখানে মানুষ বসানো হয়, আর তাদের নেতা-নেত্রীরা পাহাড়ের জমি দখল করে বিক্রি করে গাছপালা ধ্বংস করে দেয়। এর ফলেই গোটা গুয়াহাটি ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ২০১৬ সালের পর কংগ্রেসের করা সব ভুল সংশোধনের জন্য আমাদের সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আগে জল নামতে তিন দিন লাগত, এখন তিন ঘণ্টার মধ্যেই জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সাংসদ আরও বলেন, এখন কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় কৃত্রিম বন্যা দেখে বলে যে তারা ক্ষমতায় এলে এই সমস্যা দূর করবে। এটা কংগ্রেসের একটা বড় রসিকতা ছাড়া কিছুই নয়। গুয়াহাটির মানুষ বুঝে গেছে আমাদের সরকার কীভাবে জল নিষ্কাশনের কাজ করছে। আমাদের সবাইকে মিলে শহরটিকে সুন্দর রাখতে হবে। নালা পরিষ্কার রাখতে হবে। কারও অবহেলার জন্য কারও মৃত্যু কখনও মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, চার দিন আগে এমন বৃষ্টি বহু বছরের মধ্যে হয়নি। টানা ভারী বৃষ্টির কারণে সেদিন অনেক জল জমে যায়। একজন মহিলার মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি কারও দোষ থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রবিবারের টানা ভারী বৃষ্টিতে গুয়াহাটি মহানগরী ভয়াবহ কৃত্রিম বন্যায় প্লাবিত হয়। রাতে প্রায় জলবন্দী হয়ে পড়েন শহরবাসী। সেই রাতেই মালিগাঁও এলাকায় একটি খোলা ম্যানহোলে পড়ে এক মহিলার মৃত্যু হয়। পরের দিন শহরের তিনটি ভিন্ন স্থান থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়।



