বেহাল শিলচরের নিউ ভগতপুর রোড, চরম দুর্ভোগে স্থানীয়রা

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : বেহাল শিলচরের চেংকুড়ি রোড সংলগ্ন নিউ ভগতপুর এলাকার রাস্তা। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই সড়ক বর্ষা এলেই কার্যত চলাচলের অযোগ্য হয়ে উঠছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তার গর্তগুলো। এতে দুর্ঘটনার আতঙ্কে তাড়া করছে স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, সড়ক উন্নয়নের একাধিক প্রকল্প ঘোষিত হলেও বাস্তবে কোনও কাজ হয়নি। ফলে বৃষ্টির সময় রাস্তা জলমগ্ন হয়ে ছোটখাটো পুকুরে পরিণত হয়। এতে যানবাহন মাঝপথে আটকে যাচ্ছে, আর পথচারীরা কাদাজলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এক বাসিন্দার কথায়, “প্রতিবাদ করেছি বহুবার, কিন্তু কোনও লাভ হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়। সরকারের এই অবহেলায় আমাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”

অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট পূর্ত বিভাগের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতির দ্রুত সমাধানে উচ্চপদস্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *