২৯ এপ্রিল : বাংলায় ভোট শেষ। ৪ মে ইভিএম খোলার পর জানা যাবে চূড়ান্ত রায়। তার আগেই অবশ্য প্রকাশিত হতে শুরু করেছে বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল। MATRIZE সংস্থার করা বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয়ের ইঙ্গিত স্পষ্ট। মোট ২৯৪ আসনের মধ্যে MATRIZE বিজেপিকে দিয়েছে ১৪৬ থেকে ১৬১টি আসন। তৃণমূলকে দিয়েছে ১২৫ থেকে ১৪০ টি আসন। PMARQ-র তরফে করা বুথ ফেরেত সমীক্ষায় বিজেপি পেতে চলেছে ১৫০ থেকে ১৭৫টি আসন। তৃণমূল পাচ্ছে ১১৮ থেকে ১৩৮ টি আসন। যদিও তৃণমূলের জন্য ভাল ফলের ইঙ্গিত মিলেছে Peoples Pulse -এর করা সমীক্ষায়। সেখানে তৃণমূলকে ১১৭ থেকে ১৮৭টি আসন দেওয়া হয়েছে। বিজেপি পাচ্ছে ৯৫ থেকে ১১০ টি আসন। Chanaky Strategies তৃণমূলকে ১৩০ থেকে ১৪০ টি আসন দিচ্ছে। বিজেপি পাচ্ছে ১৫০ থেকে ১৬০ টি আসন।
এক্সিট পোলের পূর্বাভাস যে সর্বদা চূড়ান্ত ফলের সঙ্গে মিলে যায়, এমনটা নয়। অতীতে বহুবার জনমত সমীক্ষাকে ভুল প্রমাণ করে সাধারণ মানুষ সম্পূর্ণ ভিন্ন রায় দিয়েছেন। তবে এবারের বুথফেরত সমীক্ষাগুলো একটি বিষয়ে নিশ্চিত—বাংলায় লড়াই হয়েছে সেয়ানে-সেয়ানে। একদিকে যেমন গেরুয়া শিবিরের শক্তিবৃদ্ধির ইঙ্গিত মিলছে, তেমনই অনেক সমীক্ষায় স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় খুব একটা ভাটা পড়েনি। তবে ভোট-পরবর্তী এই জল্পনার অবসান ঘটবে আগামী ৪ মে। সেদিন ইভিএম খুললেই পরিষ্কার হবে বাংলার মানুষের প্রকৃত রায় কার পক্ষে গেল। সেই মাহেন্দ্রক্ষণের দিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।



