শিলচরে আচমকা উপড়ে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : ঝড় ছাড়াই শিলচরের কাঁঠাল রোডের চন্দ্রপুর জারোইলতলা এলাকায় বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ হঠাৎই একটি পুরোনো গাছ উপড়ে পড়ল রাস্তার উপর। আকস্মিক এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাকালে একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ গাছ ভেঙে পড়লেও উপস্থিত বুদ্ধির জোরে চালক অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। তবে গাছটি পড়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে রাস্তার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ নেন। তারা গাছের ডালপালা কেটে ছোট যানবাহনের জন্য আংশিকভাবে রাস্তা চলাচলের উপযোগী করে তোলেন। যদিও বড় যানবাহন চলাচল এখনও ব্যাহত রয়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ইতিমধ্যেই প্রশাসন ও বন দপ্তরকে জানানো হয়েছে। দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধারের দাবি তুলেছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাস্তার ধারে একাধিক পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে, যেগুলোর উপর দিয়ে বিদ্যুতের তার গিয়েছে। ফলে যেকোনও সময় সেগুলিও ভেঙে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *