বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও ফলাফলের তালিকায় আশানুরূপ স্থান না পেলেও বেশ কয়েকজন পড়ুয়া তাদের কৃতিত্বের জন্য কাছাড় জেলার সুনাম ধরে রেখেছে। এরমধ্যে রয়েছে অরিন্দম সী নামে এক পড়ুয়া। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৯২.৬ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে অরিন্দম। আইটিইএস বিষয়ে ৯৯ নম্বর নিয়ে রাজ্যসেরা হয়েছে। বাকি চারটি বিষয়ে সমান নম্বর, ৯১ পেয়েছে। এমনকী ওর প্রধান বিষয় গণিতেও ৯১। সে মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৬৩ নম্বর পেয়েছে। অরিন্দম অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। সাংবাদিক উত্তমকুমার সী ও রুমি সী-র একমাত্র সন্তান অরিন্দম। তার কৃতিত্বে পরিচিতিমহল সহ সাংবাদিক মহলেও খুশির হাওয়া বইছে। সমাজমাধ্যম ও ফোনে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, সদ্য ঘোষিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সে শুধু গণিতে ৯৫/১০০ নম্বর নিয়ে ৯৯.৯৭ পার্সেন্টাইল লাভ করে।



