অল্প বৃষ্টিতেই শিলচর সহ কাছাড়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন: জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এসইউসিআই-র

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : শিলচর পুর এলাকা সহ কাছাড় জেলার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতেই যেভাবে কৃত্রিম বন্যা ও জলমগ্নতার সৃষ্টি হচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (সি)-এর কাছাড় জেলা কমিটি। সামান্য বর্ষণে সাধারণ মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং রাস্তাঘাট জলের নিচে তলিয়ে যাওয়ায় নাগরিক জীবন সম্পূর্ণ দুর্বিষহ হয়ে উঠেছে। এই চরম জনদুর্ভোগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে দলের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে এক জোরালো দাবি জানানো হয়। আজ দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে করা প্রেস বিবৃতিতে বলা হয়, শিলচর শহরের ড্রেনেজ বা জলনিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই শহরের প্রধান প্রধান রাস্তা থেকে শুরু করে অলিগলি জলমগ্ন হয়ে পড়ে। ড্রেন পরিষ্কার না হওয়া, অপরিকল্পিত নর্দমা নির্মাণ এবং পৌর প্রশাসনের উদাসীনতার কারণেই আজ শিলচরবাসীকে এই চরম মাশুল গুনতে হচ্ছে। অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণের ফলে গ্রামীণ এলাকাগুলোর অবস্থাও সমান উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে জেলা প্রশাসনের নিকট দাবি জানানো হয় যে বর্তমান জলমগ্ন পরিস্থিতি মোকাবিলায় এবং নাগরিকদের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসনকে অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, জোড়াতালির কাজ বন্ধ করে শিলচর পুর এলাকা ও জেলার অন্যান্য অঞ্চলের জলনিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানের জন্য বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বৈজ্ঞানিক ও মাস্টার প্ল্যান তৈরি করে দ্রুত রূপায়ণ করতে হবে, শহরের সমস্ত বড় ও ছোট নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার ও দখলমুক্ত করার সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কী করা হয় যে অল্প বৃষ্টিতে এই বেহাল দশার সম্মুখীন হতে হয় বারবার, তার সঠিক তদন্ত করে গাফিলতি থাকা বিভাগীয় কর্মকর্তাদের জবাবদিহি করা প্রয়োজন।দলের জেলা কমিটি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, জেলা প্রশাসন যদি অবিলম্বে এই জলমগ্নতার সমস্যা সমাধানে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামী দিনে সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র গণ-আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *