বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর চতুর্থ খণ্ডে সোমবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। এদিন বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ শিলচর ভিআইপি সড়কে ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম আব্দুল মালিক লস্কর (৩০)। তিনি গোঁসাইপুর তৃতীয় খণ্ডের চাইর মাইল এলাকার বাসিন্দা এবং লেইম উদ্দিন লস্করের পুত্র।
জানা গেছে, উধারবন্দ দিক থেকে বোলেরো গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর গাড়িটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার তীব্র শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতকে উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, খবর পেয়ে উধারবন্দ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



