বরাক তরঙ্গ, ২১ আগস্ট : এইচআইভি ও এইডস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল একদিনের রাজ্যস্তরের সচেতনতা কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ, নিউ লাইফ ফাউন্ডেশন টিআই প্রজেক্ট এবং দিশা ক্লাস্টারের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই কর্মশালা। বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেন।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কর্মশালার আহ্বায়ক ড. লালজো এস থাংজম বলেন, এইচআইভি/এইডস মোকাবিলার ক্ষেত্রে কাছাড় বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ধারাবাহিক সচেতনতা এবং সমন্বিত সামাজিক উদ্যোগ প্রয়োজন। সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই তরুণ প্রজন্ম ও ছাত্রছাত্রীদের মধ্যে এইচআইভি প্রতিরোধ ও সচেতনতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানকে কীভাবে সমাজের বৃহত্তর পরিসরে কাজে লাগানো যায়, সে বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা, মর্যাদা রক্ষা এবং এইচআইভি আক্রান্তদের প্রতি বৈষম্যহীন ও কলঙ্কমুক্ত সহায়তা প্রদানের ক্ষেত্রে সমাজকর্মের ছাত্রছাত্রীদের ভূমিকা তুলে ধরা হয়।প্রযুক্তিগত পর্বে দিশা ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার অনুপ কুমার দত্ত এবং শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিএসআরসি কাউন্সেলর সংগীতা ভট্টাচার্য বক্তব্য রাখেন। তাঁরা এইচআইভির ঝুঁকি ও ভয়াবহতা, দ্রুত শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় কাউন্সেলর ও ক্লায়েন্টের কথোপকথনকে কেন্দ্র করে একটি অভিনয়ও পরিবেশিত হয়। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং, যোগাযোগ, ঝুঁকি নিরূপণ, পরীক্ষা এবং সহানুভূতিশীল ও বিচারহীন মনোভাব নিয়ে এইচআইভি আক্রান্ত বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। শেষে ‘ইচ ওয়ান, টিচ ওয়ান’ শীর্ষক শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা। সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া, এইচআইভি নিয়ে সামাজিক কলঙ্ক ও ভ্রান্ত ধারণা দূর করা, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসায় উৎসাহ দেওয়া এবং সম্মিলিতভাবে এইচআইভিমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয় এই শপথের মাধ্যমে।



