নেপালের রাজনীতিতে ঝড়, পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং

Spread the news

২২ এপ্রিল : নেপালের কেন্দ্রীয় রাজনীতিতে বড়সড় ধাক্কা। তীব্র সমালোচনা ও তদন্তের মুখে অবশেষে পদত্যাগ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। বুধবার নিজের ফেসবুক বার্তার মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সাম্প্রতিক সময়ে গুরুংয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে আসে। বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটার সঙ্গে তার ব্যবসায়িক অংশীদারিত্ব এবং তার পরিচালিত এনজিও ‘হামি নেপাল’-এর অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। এই অভিযোগ ঘিরে গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে চাপ বাড়তে থাকে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল এবং ‘জেন-জে’ আন্দোলনের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জোরদার হয়।

পদত্যাগপত্রে সুদান গুরুং জানিয়েছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং স্বার্থের সংঘাত এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আপাতত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালে তরুণ প্রজন্মের আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন সুদান গুরুং। চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই আর্থিক অনিয়মের অভিযোগে পদ ছাড়তে হলো তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *