২২ এপ্রিল : দিল্লির অমর কলোনিতে চাঞ্চল্যকর খুনের ঘটনা। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (IRS)-এর এক অফিসারের ২২ বছর বয়সী কন্যাকে বুধবার নৃশংসভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় বাড়ির পুরানো পরিচারকের দিকে সন্দেহের তীর ঘুরিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মোবাইল ফোনের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তরুণীকে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তরুণীর বাবা-মা সকালে জিমে গিয়েছিলেন। সেই সুযোগে অভিযুক্ত পরিচারক বাড়িতে ঢুকে এই নৃশংস ঘটনা ঘটায় বলে অনুমান তদন্তকারীদের।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই পরিচারককে কিছুদিন আগেই কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল। অমর কলোনি ও আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তকারী দলের একাংশের মতে, খুনের আগে তরুণী যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার ভোর ৬টা নাগাদ অভিযুক্তকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের অনুমান, বাড়ির মালিকরা বেরিয়ে যাওয়ার অপেক্ষায় ছিল সে। মৃতদেহের সুরতহাল রিপোর্টে ঘরের ভিতরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে, যা থেকে স্পষ্ট তরুণী শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধের চেষ্টা করেছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তের বাড়ি রাজস্থানে। তাকে গ্রেফতারের জন্য দিল্লি ও সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক দল তল্লাশি চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় সাত-আট মাস ধরে ওই বাড়িতে কাজ করছিল অভিযুক্ত পরিচারক। আর্থিক অনিয়মের অভিযোগে তাকে সম্প্রতি চাকরি থেকে বরখাস্ত করা হয়।



