বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : বরাক উপত্যকার বিশিষ্ট কবি শক্তিপদ ব্রহ্মচারীর ৮৯তম জন্মজয়ন্তী মঙ্গলবার হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক ও জেলা সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কবির সাহিত্য ও ব্যক্তিত্বকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সমিতির উপ-সভাপতি মানিক চক্রবর্তীর পৌরহিত্যে কবির জন্মদিন উপলক্ষে তাঁর রচিত কবিতা ও গদ্য পাঠের পাশাপাশি স্মৃতিচারণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের সূচনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পূর্ণিমারানি দে।

এদিন প্রথমে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি নীতিশ ভট্টাচার্য, কবি দিব্যেন্দু ভট্টাচার্য, কবি আশুতোষ দাসসহ অন্যান্যরা। পরে শহর আঞ্চলিক সমিতির সভাপতি পূরবী মিশ্র দেবনাথের পরিচালনায় এক আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

এই পর্বে নীতিশ ভট্টাচার্য, দিব্যেন্দু ভট্টাচার্য, সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য, প্রাবন্ধিক সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, তরুণ কবি ময়ূরী রায়, জেলা সমিতির সহ-সভাপতি সুরজিৎ দেব, সাংস্কৃতিক সম্পাদক শংকর চৌধুরী, সাহিত্য সম্পাদক কবিতা দাস, কবি শংকরী চক্রবর্তী, শিপ্রা শর্মা মহন্ত, আশিষরঞ্জন নাথ, কল্লোল চৌধুরী, গোপাল দত্তসহ অনেকে স্মৃতিচারণ ও কবিতা পাঠ করেন।

সভাপতির বক্তব্যে মানিক চক্রবর্তী কবির সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরে বিশদ আলোচনা করেন এবং কবিতা পাঠ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে কবি শক্তিপদ ব্রহ্মচারীর কাব্যসত্তা, সৃজনশীলতা এবং সামাজিক মূল্যবোধের উপর আলোকপাত করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির কোষাধ্যক্ষ নারায়ণ দাস, মিঠুলাল চৌধুরী, কবীর আহমেদ, দীপাঞ্জন ভট্টাচার্য, আলতাফ হোসেন লস্কর প্রমুখ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আঞ্চলিক সমিতির সম্পাদক রফিক উদ্দিন লস্কর।



