বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে অনুষ্ঠিত হয়। সভায় জেলার নাম পরিবর্তন রুখতে করণীয় বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এদিন করিমগঞ্জ শহরের বেহাল ও বিধ্বস্ত রাস্তাঘাট পুনর্নির্মাণের দাবিতে কমিটির পক্ষ থেকে আন্দোলনে নামা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়। তবে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, এই কমিটি শুধুমাত্র করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী আন্দোলনকেই শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে কাজ করবে। যদিও শহরের রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে তীব্র আন্দোলনের প্রয়োজনীয়তার কথাও সভায় উল্লেখ করা হয় এবং এ বিষয়ে অন্যভাবে উদ্যোগ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
সভায় পরবর্তী কর্মসূচি হিসেবে জেলা জুড়ে দেওয়াল লিখন, পোস্টার সাঁটা, ব্যাপক প্রচারাভিযান চালানো, স্বাক্ষর সংগ্রহ অভিযান অব্যাহত রাখা, নতুন বিধানসভার করিমগঞ্জ জেলার বিধায়কদের স্মারকলিপি প্রদান, অঞ্চলভিত্তিক জনসভা আয়োজন এবং গণকমিটি গঠনের মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের যে কোনও প্রচেষ্টা রুখে দিতে হবে। তারা করিমগঞ্জকে মাতৃভূমি ও জন্মভূমি হিসেবে উল্লেখ করে বলেন, “মায়ের নাম যেমন কেউ ভুলতে পারে না, তেমনি করিমগঞ্জের নামও কোনভাবেই মুছে ফেলা যাবে না।” কিছু বক্তা বিদ্রূপাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন, নাম পরিবর্তনের ফলে শহর বা জেলার উন্নতির যে দাবি করা হচ্ছে, তার বাস্তব চিত্র সকলেরই জানা।
সভায় উপস্থিত বক্তারা সর্বসম্মতভাবে নাম পরিবর্তন বিরোধী আন্দোলনকে আরও তীব্র ও সংগঠিত করার আহ্বান জানান। এদিনের সভায় রজত চক্রবর্তী, অরুণাংশু ভট্টাচার্য, বদরুল হক চৌধুরীসহ প্রজ্জ্বল দেব, পিকলু দাস, নুরুল হক, মৃণাল সিনহা, মফরউদ্দিন, গোপাল চন্দ্র পাল, সুজিতকুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।



