বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : মণিপুরের ফেরজাওল জেলার বড়বেকরা কোম্পানি অপারেটিং বেসে মঙ্গলবার স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় বৃদ্ধি ও শান্তি বজায় রাখতে আসাম রাইফেলস এক গুরুত্বপূর্ণ সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) বৈঠকের আয়োজন করে। বৈঠকে আশপাশের এলাকার গ্রাম প্রধান, সমাজের প্রতিনিধিবৃন্দ এবং যুব নেতারা উপস্থিত ছিলেন। সভায় গ্রামবাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়াও গ্রামগুলোতে উগ্রপন্থী (ইউজি) কার্যকলাপ নিরুৎসাহিত করা, সন্দেহজনক গতিবিধি সম্পর্কে সময়মতো তথ্য আদান-প্রদান, এবং নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালীন স্থানীয়দের সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। অভিযানের সময় অযথা হস্তক্ষেপ এড়ানো এবং মহিলাদের দলকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।



