দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : শিলচরের শিবালিক পার্ক ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের জমাজল সমস্যার সমাধান এবং বোয়ালজুর খালের সংস্কারের দাবিতে রবিবার বিকেলে এক গুরুত্বপূর্ণ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। শিবালিক পার্ক দুর্গামণ্ডপে শিবালিক পার্ক ডেভেলাপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
শিবালিক পার্ক ছাড়াও উত্তর কৃষ্ণপুর, সুকান্ত সরণীসহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা সভায় অংশ নিয়ে জমা জলের সমস্যা, খালে আবর্জনা জমে থাকা এবং জবরদখলের ফলে এলাকার জীবনরেখা বোয়ালজুর খালের বেহাল অবস্থার বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক ড. দেবাশিস পাল, রাহুল দাশগুপ্ত, ড. দেবাশিস ভট্টাচার্য, অনির্বাণ ভৌমিক, জাফর আহমদ, অঞ্জন স্বামী, বিক্রম নাথসহ বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা দ্রুত খাল সংস্কার এবং স্থায়ী নিষ্কাশন ব্যবস্থার ওপর জোর দেন।
এছাড়া, পিডব্লিউডি অনুমোদিত শিবালিক পার্কের নালা নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। একইসঙ্গে বৃহত্তর মেহেরপুর এলাকায় জমাজল সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি ঐক্যমঞ্চ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



