মেখেলা-চাদর ও শাড়ি পরে চুরি চালাত, গ্রেফতার চক্র

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : গুয়াহাটিতে চাঞ্চল্যকর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নগরজুড়ে। মেখেলা-চাদর ও শাড়ি পরে চুরি চালাত এক সংঘবদ্ধ চোরচক্র। অবশেষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করল বশিষ্ঠ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে দীর্ঘদিন ধরে এই চক্রের উপর নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে উঠে আসে, চক্রটি পরিকল্পিতভাবে রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত করত। চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন সিপাঝাড়ের জানমণি শর্মা ও ধনদা দেবী। পাশাপাশি লালমাটির বাসিন্দা গগন বর্মন নামের আরেক অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, এই চক্রের পুরুষ সদস্যরা নিজেদের পরিচয় গোপন রাখতে এবং সন্দেহ এড়াতে মহিলাদের পোশাক—বিশেষ করে মেখেলা-চাদর ও শাড়ি—পরে চুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। এতে স্থানীয় বাসিন্দারা সহজে তাদের সন্দেহ করতেন না, ফলে তারা একাধিক এলাকায় দুঃসাহসিক চুরি চালাতে সক্ষম হয়।
সম্প্রতি একটি নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে বশিষ্ঠ এলাকার একটি স্থানে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে চক্রটির সদস্যদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, দু’টি যানবাহন, সোনা সহ বহু মূল্যবান সামগ্রী।

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাসিন্দারা পুলিশের তৎপরতায় স্বস্তি প্রকাশ করলেও, দীর্ঘদিন ধরে এমন কৌশলে চুরি চলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *