রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : শিলচরে মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক পরিবেশ। বিলের বিরোধিতাকে নারীর সম্মানের উপর আঘাত হিসেবে উল্লেখ করে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা মহিলা মোর্চা। শনিবার বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একটি প্রতিবাদ মিছিল জেলা বিজেপি কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে এসে শেষ হয়। সেখানে বিজেপি কর্মীরা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করেন এবং কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান তোলেন।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত মহিলা মোর্চার নেত্রী ও কর্মীরা জানান, সংসদে উত্থাপিত ১৩১ নম্বর মহিলা সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করেছে কংগ্রেস সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল। তাদের দাবি, এই বিল নারীর অধিকার সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অথচ এর বিরোধিতা করে কংগ্রেস নারীস্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তাঁরা আরও দাবি করেন, বর্তমানে লোকসভায় ৫৪৩টি আসন থাকলেও এই বিল পাস হলে আসন সংখ্যা বেড়ে ৮৫০-তে পৌঁছাতে পারে, যা দেশের উন্নয়নে সহায়ক হবে। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযোগ করা হয়, কংগ্রেস দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে এবং রাজনৈতিক স্বার্থে গুরুত্বপূর্ণ বিলের বিরোধিতা করছে।
এই ইস্যুতে শিলচরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।



