বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : এইচএসএলসি পরীক্ষায় বরাক উপত্যকার তিন জেলার সরকারি স্কুলগুলির শোচনীয় ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রাক্তনী আকসা। একইসঙ্গে প্রত্যন্ত গম্ভীরা চা বাগানের একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভাবনীয় সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানানো হয়েছে। এক প্রেস বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায় বলেন, চলতি বছরে এইচএসএলসি পরীক্ষায় বরাকের তিন জেলার ফলাফল অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে সরকারি স্কুলগুলির ফলাফল নিয়ে জরুরি ভিত্তিতে পর্যালোচনা প্রয়োজন। তিনি জানান, কাছাড় জেলায় পাসের হার নেমে এসেছে মাত্র ৪৯.৩ শতাংশে। শিলচরের গভর্নমেন্ট বয়েজ স্কুল থেকে মাত্র একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এবং অধিকাংশ সরকারি স্কুলের অবস্থাও প্রায় একই। এমনকি বেসরকারি স্কুলগুলির ফলাফলও আগের বছরের তুলনায় নিম্নমানের।
প্রদীপ দত্তরায় আরও বলেন, সরকারি স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে আসে এবং প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়। তবে এই খারাপ ফলাফলের জন্য শুধুমাত্র ছাত্রছাত্রী বা শিক্ষকদের দায়ী করলে চলবে না, জেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতাও এর জন্য সমানভাবে দায়ী। তিনি অভিযোগ করেন, অনেক স্কুলে বাধ্যতামূলক ও ঐচ্ছিক বিষয়ের পর্যাপ্ত শিক্ষক নেই। স্কুল পরিদর্শন ব্যবস্থাও কার্যত নিষ্ক্রিয়, ফলে শিক্ষার পরিকল্পনা, বাস্তবায়ন ও জবাবদিহিতার অভাব স্পষ্ট। এছাড়া শিক্ষকদের প্রায়ই পাঠদানের বাইরে বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়, যা নিয়মিত শিক্ষাদান প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়। স্কুল ম্যানেজমেন্ট কমিটিগুল



