শিল্প প্রশিক্ষণ ও শিক্ষামূলক সফরে নবীনচন্দ্র কলেজের পড়ুয়ারা, দিসপুরে কৃষ্ণেন্দুর সঙ্গে মতবিনিময়

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ জুন : বরাক উপত্যকার তরুণ প্রজন্মই আগামী দিনের উন্নত ও আত্মনির্ভর অসম গঠনের অন্যতম প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৃহস্পতিবার দিসপুরে তাঁর সরকারি বাসভবনে নবীনচন্দ্র কলেজ, বদরপুরের চার বছর মেয়াদি স্নাতক কর্মসূচির ষষ্ঠ সেমিস্টারের বাণিজ্য বিভাগের একদল শিক্ষার্থীর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

শিল্প প্রশিক্ষণ ও শিক্ষামূলক সফরের অংশ হিসেবে গুয়াহাটিতে অবস্থানরত শিক্ষার্থীরা সৌজন্য সাক্ষাতের জন্য মন্ত্রীর বাসভবনে গেলে তিনি তাদের আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় শিক্ষা, কর্মসংস্থান, শিল্পোন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং বরাক উপত্যকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভায় নতুন শিক্ষা নীতি (এনইপি-২০২০) এবং এর অধীনে চালু হওয়া চার বছর মেয়াদি স্নাতক কর্মসূচির কার্যকারিতা বিশেষভাবে উঠে আসে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, নতুন শিক্ষা নীতির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতা ও কর্মদক্ষতার সঙ্গে যুক্ত করা। শিল্প প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, গবেষণা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের বাস্তব চিত্র সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পাচ্ছে।

শিক্ষার্থীরা গুয়াহাটির বিভিন্ন শিল্পাঞ্চল, উৎপাদন কেন্দ্র ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে। শিল্প পরিচালনা, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার কথা তারা ভাগ করে নেয়। শিক্ষার্থীদের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণ ক্ষমতার প্রশংসা করে মন্ত্রী বলেন, এ ধরনের শিক্ষামূলক সফর ভবিষ্যৎ কর্মজীবনে তাদের আরও আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান যুগে শুধু চাকরির প্রত্যাশায় সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রযুক্তি ও অর্থনীতির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যুবসমাজকে উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

বরাক উপত্যকার সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, লজিস্টিকস, পরিবহন, গুদামজাতকরণ, পর্যটন ও সম্পদ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। দক্ষ মানবসম্পদ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে বরাক উপত্যকা উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং জাতি গঠনে যুবসমাজের ভূমিকা সম্পর্কেও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষিত ও দক্ষ যুবকরাই একটি উন্নত সমাজ গঠনের ভিত্তি। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজেদের যোগ্যতা বৃদ্ধি করে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *