আন্তঃবরাক মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন শ্রীভূমি

Spread the news

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : বাংলা ও হিন্দি সংবাদমাধ্যম বরাক বার্তা আয়োজিত আন্তঃবরাক মহিলা ক্রিকেট খেতাব জিতল শ্রীভূমি ওমেন্স স্মেশার্স। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে শনিবার ফাইনালে তারা ২৮ রানে হারিয়েছে হাইলাকান্দি ওমেন্স ফাইটার্সকে। টস জিতে হাইলাকান্দি দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং শ্রীভূমি ওমেন্স স্মেসার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীভূমি ওমেন্স স্মেশার্স নির্ধারিত ১৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। ভালো ব্যাটিং করেন রিতা শর্মা। তিনি ৩৪ বলের সামনা করে ২৭ রানের লড়াকু ইনিংস খেলেন এতে চারটি চারের মার সামিল রয়েছে। তার সঙ্গে জুটি বেঁধে সহযোগিতা করেন তনুশ্রী ছেত্রী। তিনি ২১ রান করেন। একটি বাউন্ডারির সাহায্যে। সমাদ্রিতা সাহা টুর্নামেন্টের একমাত্র ছক্কার সাহায্যে সাত বলে সাত রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৬ রান।

জবাবী ব্যাটিংয়ে হাইলাকান্দি দলের খেলোয়াড়েরা প্রাথমিকভাবে ভালো ভাবে শুরু করলেও ৯০ বলে ৯০ রানের স্কোর তাড়া করতে গিয়ে একের পর এক উইকেট পতনের ফলে চাপ বাড়তে থাকে হাইলাকান্দি ওমেন্স ফাইটার্স দলের। হাইলাকান্দি দলে রেশমি সিনহা একটি বাউন্ডারির সাহায্যে ১১ এবং রেজিমা বেগম লস্কর দু’টি চারের সাহায্যে ১৭ রান সংগ্রহ করেন। হাইলাকান্দি দলের বাকি কোনও খেলোয়াড় দু’অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। নির্ধারিত ১৫ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। শ্রীভূমি দলের সমাদ্রিতা সাহা তিন ওভার বোলিং করে ৫ রান দিয়ে চারটি উইকেট দখল করেন। কল্যাণী দাস ও জাসমিন ডিং দু’টি করে উইকেট তুলে নেন। ফাইনালের সেরা হন সমাদ্রিতা। ম্যাচের পর তার হাতে ট্রফি সহ নগদ ৫০০ টাকা তুলে দেওয়া হয়। একইভাবে সেরা ফিল্ডার ট্রফি সহ ৫০০ টাকা পান ঋতুপর্ণা মালাকার। সেরা ক্যাচার পুরস্কার পান বদরপুর ওমেন্স রকার্সের সুপ্রিতা পুরকায়স্থ, সেরা উইকেটকিপার ট্রফি সহ নগদ ৫০০ টাকা পান রঞ্জিতা সিনহা। সর্বোচ্চ উইকেট শিকারি পুরস্কার পান দীপিকা নাইডু।

টুর্নামেন্টের সেরা দীপিকা নাইডু পেয়েছেন ১০০০ টাকা সহ ট্রফি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্সআপ হাইলাকান্দি ওমেন্স ফাইটার্স দলকে ট্রফি ও নগদ চার হাজার টাকা প্রদান করেন প্যারামাউন্ট ইংলিশ অ্যাক্যাডেমি স্কুলের ম্যানেজিং ডিরেক্টর সুধাংশু দাস, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় ও রাধারানি নাথ সহ অন্যান্য অতিথিরা। পরবর্তীতে চ্যাম্পিয়ন দল শ্রীভূমি স্মেশ্যারস দলকে নগদ সাত হাজার টাকা ও ট্রফি প্রদান করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, আয়োজক পক্ষে সঞ্জীব সিং ও অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য দলের মহিলা ক্রিকেটার সোনা সিন্‌হা প্রেরণা ভারতী হিন্দি পত্রিকার কর্ণধার দিলীপ কুমার, বিশিষ্ট ক্রীড়াবিদদের মধ্যে একটা কোচ হীরা নন্দী, হিরণ্ময় দাস ও অন্যান্য বিশিষ্টজনের। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিবছর এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার আশ্বাস প্রদান করেন বরাক বার্তার কর্ণধার সঞ্জীবকুমার সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *