লাতু-মালেগড়ের ফুটবল শিরোপা পানিঘাট ভাই ভাই ক্লাবের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে গোল্ডেন এফসি লালটিলাকে ১-০ গোলে পরাজিত করে লাতু-মালেগড়ের অষ্টম ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতার শিরোপা জয় করল পানিঘাট ভাই ভাই ক্লাব। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি নগদ এক লক্ষ টাকার পুরস্কার লাভ করে। অন্যদিকে, রানার্সআপ গোল্ডেন এফসি লালটিলা পায় ট্রফি ও ৫০ হাজার টাকা।
রবিবার অনুষ্ঠিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে লাতু-মালেগড় ফুটবল মাঠে দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। মাঠের চারপাশে উপচে পড়া ভিড়ের পাশাপাশি গাছের ডালে বসেও বহু দর্শক খেলা উপভোগ করেন। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে গোটা এলাকা উৎসবের রূপ নেয়।

খেলার প্রথমার্ধের ১৩ মিনিটে পানিঘাট ভাই ভাই ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন মিস্টার হ্যামন। তাঁর গোলে এগিয়ে যায় পানিঘাট। এরপর সমতা ফেরাতে গোল্ডেন এফসি লালটিলা একাধিক আক্রমণ গড়ে তুললেও পানিঘাটের সুসংগঠিত রক্ষণভাগ ভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধান বজায় রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পানিঘাট ভাই ভাই ক্লাব।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী। আমন্ত্রিত অতিথি ছিলেন অসম সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ইকবাল হুসেন। উপস্থিত ছিলেন লাতু-মালেগড় ফুটবল কমিটির সভাপতি নৃপতি ভট্টাচার্য, সম্পাদক শাহিদুল ইসলাম চৌধুরী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন মাঠের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস দেন অতিথিরা। অনিল কুমার ত্রিপাঠী জানান, মাঠটিকে আধুনিক ফুটবল স্টেডিয়ামে উন্নীত করার লক্ষ্যে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে আলোচনা করবেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানাবেন। ইকবাল হুসেনও এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাব উত্থাপনের আশ্বাস দেন।

বিজয়ী দলের হাতে ট্রফি ও এক লক্ষ টাকার পুরস্কার তুলে দেন অনিল কুমার ত্রিপাঠী। রানার্সআপ দলের হাতে ট্রফি ও ৫০ হাজার টাকার পুরস্কার তুলে দেন কমিটির সভাপতি নৃপতি ভট্টাচার্য ও ইকবাল হোসেন। পুলিশ, সিআরপিএফ এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বিপুল দর্শক সমাগমের মধ্যেও শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *